ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
মরিয়মের মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 October, 2026, 6:30 PM

মরিয়মের মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

মরিয়মের মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় নজরুলের গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। এদিন আসামিকে আদালতে হাজির করলে রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি আদালতে বলেন, মরিয়ম কী আসলে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে- এজন্য তদন্তের স্বার্থে এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ দরকার।

রিমান্ড শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ওবায়দুরকে উদ্দেশ্য করে বলেন, সে-ও জামায়াতের সদস্য। পরে ওবায়দুর আদালতকে উদ্দেশ করে বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না।’ অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত বুধবার আসামি ওবায়দুরকে কারাগারে পাঠানো হয়।

এদিকে রিমান্ড আবেদনে বলা হয়, ওবায়দুর রহমান (৩৮) মরিয়মের মামা এবং জিএম নজরুল ইসলামের গাড়িচালক। মামলার আসামি জিএম নজরুল ইসলাম (৭৫) মরিয়মদের বাসায় যাতায়াত ও রাত্রী যাপনসহ বিভিন্নভাবে পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুললে ওবায়দুরের সঙ্গে বিভিন্ন সময়ে কথাবার্তা বলতেন।

তদন্তে জানা যায়, জিএম নজরুল ইসলাম নিয়মিত মরিয়মের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন এবং তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। ন্যাম ভবনের বাসায় তিনি যাতায়াত করতেন। তিনি এবং আরও অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন সময়ে মরিয়ম ও তার স্বামী জিএম নজরুল ইসলামকে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন।

আবেদনে আরও বলা হয়, ওবায়দুর মরিয়মের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত- এমন স্থানীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মরিয়মের বিয়ের আগে থেকেই নজরুল ইসলামের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থেকে ওবায়দুর বিয়ে-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম করে আসছিলেন বলেও তদন্তে জানা গেছে।

মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে ওবায়দুরকে বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিমান্ডের কারণ হিসেবে আরও বলা হয়, মরিয়মের আত্মহত্যায় তার কোনো প্রভাব ছিল কি না, তা উদ্‌ঘাটন; আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ, ভয়ভীতি প্রদর্শন বা অন্য কোনোভাবে আত্মহত্যায় সহায়তা করার বিষয়ে আসামিদের ভূমিকা উদ্‌ঘাটন, ওবায়দুরের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ, পলাতক আসামির অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামি জড়িত কি না তা শনাক্ত এবং মামলার মূল রহস্য উদঘাটনের জন্য রিমান্ড চাওয়া হয়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status