ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 September, 2026, 4:11 PM

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেওয়া দুই পক্ষ রোববার দুপুর ১টার দিকে তাদের কর্মসূচি শেষ করে সরে গেছে। তবে উভয় পক্ষই সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

একদিকে ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে কর্মসূচি পালন করে সচেতন গ্রাহক ফোরাম। অন্যদিকে, চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নেন ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংকপাড়ায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, আন্দোলন বা কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করা উচিত। একই সঙ্গে এমন জায়গায় কর্মসূচি পালনের জন্য উৎসাহিত করা হচ্ছে, যেখানে মানুষের চলাচল কম এবং জনদুর্ভোগের আশঙ্কাও কম।

তিনি বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে দুটি পক্ষের কর্মসূচি চলছে। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ব্যাংকের ভেতরে গেছে। তারা স্মারকলিপি দিয়ে বেরিয়ে এলে রোববারের জমায়েত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ডিসি হারুন আরও বলেন, বিপুল মানুষ একই স্থানে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে গিয়ে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। এতে হতাহতের আশঙ্কাও থাকে। এ কারণে পুলিশ এ ধরনের বড় জমায়েত নিরুৎসাহিত করছে।

ইসলামী ব্যাংককেন্দ্রিক চলমান কর্মসূচির সঙ্গে সম্প্রতি কোনো রাজনৈতিক ঘটনা কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচির যোগসূত্রের তথ্য পাওয়া গেছে কি না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি জানান, ব্যাংকপাড়ায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার দুই পক্ষই আবার অবস্থান কর্মসূচিতে ফিরবে বলে জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status