পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এর অংশ হিসেবে রোববার (২৩আগস্ট) গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে এ্যাবের পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। আলোচনা সভা শেষে বারি প্রাঙ্গণে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও বন উজাড়ের কারণে পরিবেশের ভারসাম্য ক্রমেই হুমকির মুখে পড়ছে।
তাই শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ, পরিবেশকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।