ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
মুখভঙ্গি দেখে মানুষের সুখ-দুঃখ বোঝে কুকুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 August, 2026, 6:25 PM

মুখভঙ্গি দেখে মানুষের সুখ-দুঃখ বোঝে কুকুর

মুখভঙ্গি দেখে মানুষের সুখ-দুঃখ বোঝে কুকুর

গবেষণায় দেখা গেছে, মানুষের মুখ দেখে তার আবেগ শনাক্ত করতে পারে কুকুর। অর্থাৎ আপনি সুখে আছেন নাকি মন খারাপ করে আছেন, আপনার প্রিয় পোষা কুকুরটি আপনার মুখভঙ্গি দেখে তা বুঝতে পারে।

অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় প্রথমবারের মতো এ বক্তব্যের পক্ষে সরাসরি প্রমাণ পাওয়া গেছে। ওই গবেষণায় দেখা গেছে, কুকুর মানুষের ইতিবাচক ও নেতিবাচক আবেগ বুঝতে এবং সেগুলোর প্রতি প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

গবেষকেরা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ১২টি বর্ডার কোলি জাতের কুকুরের মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করেন। মস্তিষ্কের স্ক্যান করার সময় কুকুরগুলোকে মানুষের বিভিন্ন আবেগ প্রকাশ করা মুখাবয়বের ছবি দেখানো হয়েছিল।

কুকুরের মস্তিষ্কের হায়ার কগনিটিভ ফাংশন এবং রিওয়ার্ড প্রসেজিং-এর সঙ্গে সম্পর্কিত অংশ ‘টেম্পোরাল কর্টেক্স’ এবং কডেট নিউক্লিয়াস শুধু অপরিচিত মানুষের হাসিখুশি মুখের ছবি দেখার সময় সক্রিয় হতে দেখা গেছে।

অন্যদিকে রাগান্বিত, ভীত বা দুঃখী মানুষের মুখের ছবি দেখানো হলে মস্তিষ্কের ওই অংশগুলোতে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

এরপর গবেষকেরা বর্ডার কোলি কুকুরগুলোর মস্তিষ্কজুড়ে প্রতিক্রিয়া বিশ্লেষণ করেন এবং দেখতে পান—ভয়, রাগ ও দুঃখের আবেগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্নায়বিক সক্রিয়তার ধরন দেখা যায়, যা এসব আবেগকে একে অপরের থেকে আলাদা করে শনাক্ত করতে সাহায্য করে।

গবেষণা প্রতিবেদনে গবেষকেরা বলেছেন, আমাদের জানামতে, কুকুর যে মানুষের মুখে প্রকাশিত দুটি নেতিবাচক আবেগের মধ্যে পার্থক্য করতে পারে, এটি তার প্রথম প্রমাণ।

গবেষকেরা আরও বলেন, এই গবেষণা ইঙ্গিত করে, কুকুরের মস্তিষ্ক মানুষের মুখের অভিব্যক্তিগুলোকে আবেগের ইতিবাচক বা নেতিবাচক প্রকৃতি অনুযায়ী সেগুলো আলাদা করে বুঝতে পারে। পাশাপাশি কিছু নেতিবাচক আবেগের অভিব্যক্তির মধ্যেও তারা পার্থক্য করতে পারে, বিশেষ করে ভয়-সম্পর্কিত অভিব্যক্তিগুলোর ক্ষেত্রে।

জ্যেষ্ঠ গবেষক লরা কুয়ায়া বলেন, কুকুর মানুষের সঙ্গে সহাবস্থানের মধ্য দিয়ে এমনভাবে বিবর্তিত হয়েছে যে তারা আমাদের মুখের অভিব্যক্তি বুঝতে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারে। এই বিষয়টি স্বীকার করলে তাদের সঙ্গে আমরা কীভাবে যোগাযোগ করি এবং কীভাবে তাদের যত্ন নিই, সে বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে।

তবে গবেষণার কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন গবেষকেরা। তাঁরা বলেন, এই গবেষণায় কেবল ১২টি বর্ডার কোলি জাতের পোষা কুকুরের ওপর স্থিরচিত্র দেখিয়ে পরীক্ষাটি চালানো হয়েছে। ফলে পারিবারিক পরিবেশের বাইরে থাকা অন্য জাতের কুকুরের ক্ষেত্রে এই প্রতিক্রিয়ায় পার্থক্য থাকতে পারে।

গবেষকেরা এবার খতিয়ে দেখতে চান, কুকুর কীভাবে শরীরের ভাষা, কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন এবং গন্ধসহ বিভিন্ন সংকেত একত্রে ব্যবহার করে আশপাশের মানুষের আচরণ ও আবেগ ব্যাখ্যা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status