|
‘অপরাধী যে-ই হোক, ছাড় নয়’—মাদকের বিরুদ্ধে দীঘিনালা পুলিশের ঘোষণা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() ‘অপরাধী যে-ই হোক, ছাড় নয়’—মাদকের বিরুদ্ধে দীঘিনালা পুলিশের ঘোষণা বুধবার (১৯ আগষ্ট ২৬) দুপুর ১২:৩০ ঘটিকার দিকে দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে উপজেলার মেরুং বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, “মাদকের বিষয়ে দীঘিনালা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কেনাবেচা, সেবন কিংবা এর সঙ্গে যেকোনোভাবে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধী যে-ই হোক, কারও সুপারিশ কাজে আসবে না। মাদকসহ কাউকে পাওয়া গেলে সরাসরি আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে। তাই রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য ভুলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরে মেরুং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদকবিরোধী র্যালি বের করা হয়। এতে বাজার ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান, নজরদারি ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকলে দীঘিনালাকে মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
