|
কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
নতুন সময় প্রতিবেদক
|
![]() কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বুধবার (১৯ অগাস্ট ) বিকালে তাকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সাবেক এই প্রধান বিচারপতির আইনজীবী মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, “বুধবার বিকেলে উনাকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।” সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত গত সোমবার খায়রুল হকের জামিন বহাল রাখলে তার কারামুক্তির পথ খোলে। হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। ওই আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেদিন ‘নো অর্ডার’ দেন। তার আইনজীবী এর আগে জানিয়েছিলেন, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে এবং সবকটিতেই তিনি জামিন পেয়েছেন। এজাহারভুক্ত আসামি হিসেবে আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোয় কারামুক্তিতে কোনো আইনি বাধা ছিল না। মামলার পেক্ষাপট সম্পর্কে জানা যায়, রেস্টুরেন্ট কর্মী উজ্জ্বল মিয়া হত্যাচেষ্টার মামলাটি ২০২৫ সালের ২৫ নভেম্বর দায়ের করেন। তবে এই মামলা দায়েরের অনেক আগে, অর্থাৎ ২০২৫ সালের ২৭ এপ্রিল থেকেই এ বি এম খায়রুল হক কারাগারে বন্দি ছিলেন। গত ১৭ মে হাই কোর্ট এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ৯ অগাস্ট প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ তা নিষ্পত্তি করে হাই কোর্টের আদেশই বহাল রাখে। এর পরদিনই বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে জামিন দেয়। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের ১৭ মে তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান। পরবর্তীতে ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা ওই পদে পুনর্নিয়োগ পান তিনি। ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আট দিন পর ১৩ অগাস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর গত বছর ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
