গুরুদাসপুরে আ’লীগ নেতার হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 7:25 PM
গুরুদাসপুরে আ’লীগ নেতার হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ!
পূর্ব শত্রুতার জের ধরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় মোমিন সরদার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার হাত-পা কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ মোজাম বাহিনীর লোকজন।
রোববার সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের চলনবিল অধ্যুষিত যোগেন্দ্রনগর হরদমা গ্রামে এ ঘটনা ঘটে। মোমিন সরদার ওই গ্রামের শুকুর আলীর ছেলে।
এ ঘটনায় খালেদা আকতার নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মোমিনের হাত উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সুত্র জানায়, সকালে মোমিন সরদার তার জমিতে ভুট্টা কাটতে যাচ্ছিলেন। তিনি ওই গ্রামের নেংড়ার মোড় এলাকায় পৌঁছামাত্র ওই একই গ্রামের মোজাম বাহিনীর রাসেলসহ কয়েকজন তাকে আক্রমণ করে প্রখমে পায়ে রামদা দিয়ে কুপায়।
মোমিন সরদার চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে তার ডান হাতের কনুইতে কোপ দিয়ে কেটে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সূত্র জানায়, ৭ বছর পুর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় বেলাল মেম্বারের নেতৃত্বে মোজামের পা ভেঙ্গে সাবগাড়ী রাবার ড্যামের নিচে ফেলে দেয় মোমিনের মামা দুলাল। পঞ্চম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে মোজামকে কুপিয়ে জখম করে। ওই ঘটনার জেড়ে মোমিন সরদারের হাত কাটা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মোজাহারল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খালেদাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। কাটা হাত উদ্ধারের চেষ্টা চলছে।