|
রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়, পাশের হার মাত্র ৩০.৩৯%, জিপিএ ৫ শুন্য
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়, পাশের হার মাত্র ৩০.৩৯%, জিপিএ ৫ শুন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজস্থলীর ৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর মোট ৪৪১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মাত্র ১৩৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৩০৭জন। উপজেলার মধ্যে তুলনামূলক ভালো ফলাফল করেছে কারিগরি শাখার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়। অন্যদিকে সবচেয়ে খারাপ ও হতাশাজনক ফল করেছে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়। ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে শ্রেণিকক্ষে অনিয়মিত পাঠদান, শিক্ষকদের রাজনীতি ও প্রাইভেট বাণিজ্যে অতিমাত্রায় যুক্ত থাকা এবং স্কুল ম্যানেজিং কমিটির নজরদারির অভাবকে দায়ী করছেন স্থানীয়রা। একই সঙ্গে শিক্ষার্থীদের অবাধ স্মার্টফোন ব্যবহার ও অভিভাবকদের উদাসীনতাকেও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "শিক্ষকরা শ্রেণিকক্ষে মনোযোগ না দিয়ে কোচিং বা প্রাইভেট পড়াতেই বেশি আগ্রহী। পাশাপাশি ম্যানেজিং কমিটির কোনো তদারকি নেই। ফলাফল শুনে আমরা স্তম্ভিত।" বিদ্যালয়গুলোর শিক্ষকের অভাবকেও দায়ী করছেন অনেকে। রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদউল্ল্যা বলেন, "আমাদের বিদ্যালয়ের ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৩ জন পাশ করেছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমরা অতিথি শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান চালিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নত করতে দ্রুত স্থায়ী শিক্ষক নিয়োগ জরুরি।" সামগ্রিক ফলাফলে অসন্তোষ প্রকাশ করে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউছুপ হাসান জানান, এই বিপর্যয় থেকে উত্তরণে এবং শিক্ষার মান ফিরিয়ে আনতে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আগামীকাল মঙ্গলবার একটি জরুরি মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
