ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
২৮ বছরেও পাহাড়ে পূর্ণাঙ্গ ভূমি অধিকার মেলেনি: সুধাকর ত্রিপুরা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 9 August, 2026, 6:10 PM

২৮ বছরেও পাহাড়ে পূর্ণাঙ্গ ভূমি অধিকার মেলেনি: সুধাকর ত্রিপুরা

২৮ বছরেও পাহাড়ে পূর্ণাঙ্গ ভূমি অধিকার মেলেনি: সুধাকর ত্রিপুরা

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দীর্ঘ ২৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রামের উপজাতীদের পূর্ণাঙ্গ ভূমি অধিকার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।

রোববার (৯ আগস্ট ২৬) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সুধাকর ত্রিপুরা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস ও চাষাবাদ করে এলেও উপজাতীদের ভূমির ওপর স্থায়ী ও পূর্ণাঙ্গ অধিকার এখনো নিশ্চিত হয়নি। ভূমি অধিকার তাদের অস্তিত্ব, সংস্কৃতি ও জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও আন্দোলন চললেও ভূমি সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে অনেক উপজাতি পরিবার এখনো ভূমি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তিনি বলেন, উপজাতিদের ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, দখল ও মালিকানা নিশ্চিতকরণ এবং ঐতিহ্যগতভাবে ভোগদখল করে আসা জমির অধিকার স্বীকৃতি দেওয়া জরুরি। শুধু দিবস পালন নয়, উপজাতিদের মৌলিক অধিকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সরকারের প্রতি দ্রুত ভূমি সমস্যার সমাধান, উপজাতীদের ভূমি অধিকার নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি তাদের জীবন-জীবিকা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সুধাকর ত্রিপুরা।

আন্তর্জাতিক আদিবাসীদের দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উপজাতীদের ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এর আগে সকাল ৯টায় খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল সুমন, বাসদের সভাপতি মাহফুজুর রহমান শামীম, পানছড়ির সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্ন তঞ্চঙ্গ্যা, বাঘাইছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং জেএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরাসহ সাংবাদিক, লেখক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status