ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
টানা একাদশ রাতের মতো ইরানে হামলা মার্কিন বাহিনীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 12:32 PM

টানা একাদশ রাতের মতো ইরানে হামলা মার্কিন বাহিনীর

টানা একাদশ রাতের মতো ইরানে হামলা মার্কিন বাহিনীর

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা একাদশ রাতের মতো ইরানের বিরুদ্ধে আকাশ হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোতে ‘ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমানোর’ লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার (২২জুলাই) ভোররাতে মার্কিন বাহিনী ‘ইরানের সামরিক অভিযান কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোনের গুদাম ও সামরিক সরবরাহ অবকাঠামোতে’ হামলা চালিয়েছে। 

প্রায় ৭৫ মিনিট ধরে এসব হামলা চালানো হয়েছে আর এদিনের মতো অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে তারা।

তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইরানের রাজধানীজুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে আর তেহরানের বিভিন্ন এলাকায় এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর কিছু অংশে, সিরিক শহরের আশপাশে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর বার্তা সংস্থা ফার্সকে জানিয়েছেন, বেহবাহান ও ওমিদিয়েহ শহরের নিকটবর্তী এলাকাগুলোকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যস্থল করা হয়।

ফার্স জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের উত্তরপশ্চিমাঞ্চলের তাব্রিজ শহরের প্রান্তে সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে এসব হামলা চালানো হয় এবং শহরের নিকটবর্তী একটি সামরিক জোনে আঘাত হানে। তবে শহরের ভেতরে কোনো হামলা হয়নি।

তেহরান ও তাব্রিজে হামলার মধ্য দিয়ে সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ প্রণালির আশপাশের এলাকাগুলোতে হামলা চালানোর যে প্রবণতা দেখাচ্ছিল মার্কিন বাহিনী, তা থেকে তারা সরছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

এর পাশাপাশি হামলা চালানো সময়ও আগের তুলনায় কমে এসেছে। আগেরদিন মঙ্গলবার রাতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সেই তুলনায় এদিন হামলার সময় ছিল মাত্র সোয়া এক ঘণ্টা।

বুধবার ভোরে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স ইরানের একটি ড্রোন হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রে ইরানে ফের হামলা শুরু করার পর থেকে কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক ও জর্ডানে মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে তেহরান। প্রায় দুই সপ্তাহ ধরে চলা এসব পাল্টা হামলা অন্তত তিনজন মার্কিন সেনা নিহত ও আরও শতাধিক আহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status