|
পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে ২৬ কোটি খোয়ালেন চীনা ব্যবসায়ী
নতুন সময় ডেস্ক
|
![]() পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে ২৬ কোটি খোয়ালেন চীনা ব্যবসায়ী লি পিং নামে শেনজেনের এক বিনিয়োগকারীর দাবি, বিয়ের পর স্ত্রী ঝ্যাং শুদান চাকরির কর্মদক্ষতার মূল্যায়নের অজুহাতে তার কাছ থেকে ২৭ লাখ ৪০ হাজার ইউয়ান নেন। এরপর হংকং হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পালিয়ে যান। যাওয়ার সময় লির কেনা চারটি বাড়ির মালিকানার দলিলসহ গুরুত্বপূর্ণ নথিপত্রও নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। লি আরও দাবি করেন, ঘটনার আগে শেনজেনে ফেরার পথে তার গাড়ির ব্রেক নষ্ট করে তাকে হত্যারও চেষ্টা করা হয়েছিল। তদন্তে পুলিশ ঝ্যাং ও তার এক সহযোগীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে স্ত্রী হিসেবে তার সম্পদের উত্তরাধিকারী হওয়া। স্ত্রীর সন্ধানে লি এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন। পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রে আইনজীবী, ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ এবং বিভিন্ন চীনা কমিউনিটি, গির্জা ও প্রসূতি পরিচর্যা কেন্দ্রের সহায়তা নেন। শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস পুলিশ ঝ্যাং ও তার সঙ্গে থাকা এক শিশুর সন্ধান পায়। পরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়, শিশুটি লির জৈবিক সন্তান নয়। লি জানান, ২০২০ সালে শেনজেনের একটি আদালত তাদের বিয়ে বাতিল ঘোষণা করে এবং ঝ্যাংয়ের নামে থাকা চারটি সম্পত্তি তার কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া তার দাবি, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার একটি আদালত প্রতারণা, অবৈধ অভিবাসন, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অবস্থান, শিশু অপহরণ ও মানবপাচারসহ ২৩টি অপরাধে ঝ্যাংকে দোষী সাব্যস্ত করে ৬৫ বছরের কারাদণ্ড দেন। সূত্র: এনডিটিভি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
