ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2026, 12:16 PM

ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা

ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের ককরোস বা তেলাপোকা বলায় ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণরা। প্রতিবেশী দেশটিতে সম্প্রতি গড়ে উঠেছে ‘ককরোস জনতা পার্টি’। তারা ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাংলাদেশেও শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলার পর তা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। খোদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মোবাইল ফোনের কথোপকথনে এ বিরূপ মন্তব্য করেছেন।

এ নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর ঢাকাসহ দেশের অন্তত ৩০ জেলায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা স্লোগান দেন, আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’; ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী। এ স্লোগান দেশের শিক্ষার্থী ও তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা

ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা

যদিও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিরূপ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। বাংলাদেশের সরকারও দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের অধিকাংশ দাবি-দাওয়া মেনে নিয়েছেন।

তারপরও অনেকটা ভারতের আদলে বাংলাদেশ ফার্মের মুরগি পার্টি (বিএইচপি) গড়ে উঠেছে। এ নামে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম একাধিক পেজ চালু করা হয়েছে। পেজগুলোতে বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি ঘোষণা ও নানা বার্তা দেওয়া হচ্ছে। অনেকটা মিমস আকারে পোস্টগুলো করা হচ্ছে। এতে মেতেছেন নেটিজেনরা। তারা এসব পেজ অনুসরণ করছেন। কয়েক ঘণ্টার মধ্যে পেজটিতে ১০ হাজারের বেশি ফলোয়ার হয়েছে। এ সংখ্যা ক্রমেই বাড়ছে।

পেজগুলো পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশই মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে চালু করা হয়েছে। সেখানে বিভিন্ন এআই নির্মিত ভিডিও পোস্ট করা হচ্ছে। ‘বাংলাদেশ ফার্মের মুরগি পার্টি’ নামে একটি পেজ পর্যালোচনায় দেখা যায়, সেখানে শেয়ার করা ভিডিওগুলো প্রায় একই ধাঁচের। খোলা রাস্তায় সমাবেশ চলছে। মঞ্চে বক্তব্য দিচ্ছেন একজন। তার মাথার আকৃতি ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগির মতো। গলায় বাংলাদেশ ফার্মের মুরগি পার্টির নামে বানানো কাপড় জড়ানো।

ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনেও দর্শকরা সবাই শার্ট-প্যান্ট পরা। কিন্তু তাদের মাথার আকৃতিও ফার্মের মুরগির মতো। ছোট ছোট ভিডিওগুলোতে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। সবশেষ বুধবার সকালেও একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে মঞ্চে একটি মুরগির মাথার আকৃতির একজন বলছেন, আমাদের এ আন্দোলন ঘিরে অনেকে সরকারবিরোধী গুজব ছড়াচ্ছেন। আমরা সরকারের বিরুদ্ধে না। সাবধান হয়ে যান।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, আমরা পশু নয়, আমরা বাঁচতে চাই লেখা ব্যানার নিয়ে ফার্মের মুরগির আদলে মাথা বানানো মানুষরা মানববন্ধন করছেন। তাদের সামনে বাধা দিচ্ছেন কিছু তরুণ-যুবক। মুরগির মাথার আকৃতির মানুষেরা সামনের তরুণকে বলছেন, ছাত্রদলের ভাইয়েরা আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের ভাই। আপনারা আমাদের কষ্ট বুঝুন, আপনারা আমাদের পাশে দাঁড়ান।

মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা যখন আন্দোলন স্থগিত ও বুধবারের পরীক্ষায় বসা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন, তখনও পেজটি থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। তাতে ফার্মের মুরগি পার্টির একজন নেতা মঞ্চ থেকে বলছেন, তোরা আসলেই ফার্মের মুরগি রে, তোদের মধ্যে কোনো একতাই নেই।

বুধবার পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন পরীক্ষার্থীরা। তখন একটি ভিডিও ওই পেজে শেয়ার দেওয়া হয়। তাতে ফার্মের মুরগি পার্টির নেতা বক্তব্যে বলছেন, শিক্ষা বোর্ড বলছে আগামীকালের পরীক্ষা স্থগিতে কোনো সিদ্ধান্ত হয়নি। তার মানে ১৫ জুলাইয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে যখন আন্দোলন চলছিল, তখন একটি ভিডিওতে বার্তা দেওয়া হয়, সংসদ ভবনের সামনে অবস্থান করা ফার্মের মুরগিরা আগামীকাল (বুধবার) পরীক্ষা বয়কটের ডাক দিয়েছেন। আপনাদের কী মতামত? দ্রুত কমেন্ট করে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status