|
বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সভা চলাকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যাকবলিত মানুষের সহায়তায় নিজের এক মাসের সম্পূর্ণ মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা- কর্মচারীদের একদিনের মূল বেতন দেওয়ার আহ্বান জানান। তাঁর এ প্রস্তাবে তাৎক্ষণিক সমর্থন জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। পরে সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেন। জেলা প্রশাসক জানান, সভায় উপস্থিত না থাকা গাজীপুরের অন্য চার সংসদ সদস্যের সঙ্গে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে এক মাসের মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্তে সম্মতি জানান। এক মাসের মূল বেতন দান করবেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দীন আইয়ুবী এবং গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। এরপর জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে দ্রুততম সময়ে সেই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে। জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “গাজীপুর একটি বিশেষ জেলা। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ উদ্যোগ দেশের অন্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে
টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা
দোহারের রাস্তাঘাটে হাঁটু পানি, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত
শিক্ষাব্যবস্থা ধ্বংসই একটি জাতিকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র: শিক্ষামন্ত্রী
