|
কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক
নতুন সময় ডেস্ক
|
![]() কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক ম্যাচকে ঘিরে ব্যতিক্রমী এক ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন রংপুরের পীরগাছার শিশু চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন। নিজের ফেসবুক পোস্টে তিনি মজার ছলে লেখেন, বাইরে ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়ালেও ভেতরে ভেতরে আমি আসলে কেপ-ভার্দের সাপোর্টার। গোলকিপার ভজিনহা তো আমার কলিজার ভাই-ব্রাদার। এরপরই তিনি ঘোষণা দেন, আজ রাতে কেপ-ভার্দে যদি আর্জেন্টিনার জালে অন্তত একটি গোলও দিতে পারে, তাহলে আগামী এক বছর আমার চেম্বারে বিনামূল্যে রোগী দেখব। তবে একটি শর্ত আছে—রোগীকে কেপ-ভার্দের জার্সি পরে আসতে হবে। ব্যতিক্রমী এই ঘোষণার পর তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ফুটবল উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ কেপ-ভার্দের জার্সি সংগ্রহের প্রস্তুতির কথাও মন্তব্যে জানিয়েছেন। ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজ জন্মস্থান পীরগাছায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ-ভার্দে। অন্যদিকে, শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউটে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে ম্যাচটি যেমন ফুটবলপ্রেমীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি কেপ-ভার্দে অন্তত একটি গোল করতে পারে কি না—সেই প্রশ্নে এখন নজর সামাজিক যোগাযোগমাধ্যমেরও। এখন দেখার বিষয়, কেপ-ভার্দে আর্জেন্টিনার জালে গোল করতে পারে কি না, আর চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধনের ব্যতিক্রমী ঘোষণা বাস্তবে রূপ নেয় কি না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
