বর্তমান সরকার কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন: ড.মঈন খান
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
প্রকাশ: Saturday, 20 June, 2026, 11:07 AM
বর্তমান সরকার কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন: ড.মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন।
দেশে যখন খাদ্যের অভাব ছিল, সেই সময় তিনি কৃষিকে আধুনিয়কায়ন করে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করে তুলেছিলেন।
তিনি শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ, বনজ গাছ রোপনের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বিএনপি নিয়েছে। যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে গাছের চারা, সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করেন।