বিশ্বকাপ উন্মাদনায় মেক্সিকো, জার্সি পরে ভাইরাল পোষা হাঁস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 June, 2026, 10:29 AM
বিশ্বকাপ উন্মাদনায় মেক্সিকো, জার্সি পরে ভাইরাল পোষা হাঁস!
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনের পর আনন্দে মেতে উঠেছেন মেক্সিকোর ফুটবলপ্রেমীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পুরো রাজধানী যেন এক বিশাল উৎসবের নগরীতে পরিণত হয়।
স্টেডিয়াম থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবখানেই ছিল সমর্থকদের ভিড়। নাচ, গান, উল্লাস আর জাতীয় দলের জার্সিতে সেজে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের আনন্দ উদযাপন করেন।
তবে বিশ্বকাপের এই উন্মাদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পোষা প্রাণীদের মধ্যেও। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক মা ও তার ছেলেকে রাস্তা দিয়ে হাঁটতে অনুসরণ করছে তাদের পোষা হাঁস। মজার বিষয় হলো, হাঁসটির গায়েও ছিল মেক্সিকো জাতীয় ফুটবল দলের জার্সি।
রাস্তা দিয়ে দুলতে দুলতে হাঁটতে থাকা হাঁসটিকে দেখে স্থানীয় বাসিন্দারা মুগ্ধ হন এবং অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন। অন্যদিকে হাঁসটির মালিক মা ও ছেলে ছিলেন একেবারেই স্বাভাবিক, যেন জাতীয় দলকে সমর্থন জানাতে পোষা প্রাণীকে নিয়ে বের হওয়া তাদের নিত্যদিনের ঘটনা।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বিশ্বকাপ মাত্র শুরু হয়েছে, আর পরিবেশ ইতোমধ্যেই দারুণ উৎসবমুখর।’
এমন দৃশ্য কেবল লাতিন আমেরিকার কোনো দেশেই দেখা সম্ভব বলে একজন লিখেছেন। আরেকজন বলেন, মেক্সিকোর ফুটবল জার্সি পরা হাঁস সম্ভবত আমার নতুন প্রিয় জিনিস। ফুটবলের প্রতি মেক্সিকানদের উন্মাদনা সত্যিই অসাধারণ।
অন্য এক মন্তব্যে বলা হয়, এটা অবিশ্বাস্য! মানুষগুলো কত আনন্দ করছে। তাদের দেখে ভালো লাগছে। আফসোস, বিশ্বকাপের ফাইনাল মেক্সিকোতে হচ্ছে না।