ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
একদিনেই নিভে গেল দুই প্রাণ: শ্রীপুরের মেয়র আনিছুর রহমানের মৃত্যুশোকে বোনেরও মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 June, 2026, 11:28 AM

একদিনেই নিভে গেল দুই প্রাণ: শ্রীপুরের মেয়র আনিছুর রহমানের মৃত্যুশোকে বোনেরও মৃত্যু

একদিনেই নিভে গেল দুই প্রাণ: শ্রীপুরের মেয়র আনিছুর রহমানের মৃত্যুশোকে বোনেরও মৃত্যু

গাজীপুরের শ্রীপুর পৌরসভার টানা প্রায় দুই যুগের নির্বাচিত মেয়র মো. আনিছুর রহমান (৬২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসতেই ঘটে আরও এক হৃদয়বিদারক ঘটনা—ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাঁর বড় বোন রাশিদা আক্তার।

রোববার (৭জুন) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনিছুর রহমান। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ভাইয়ের মৃত্যুসংবাদ শুনেই বড় বোন রাশিদা আক্তার জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাধখলা গ্রামের হাজী হাবিবুর রহমান ও হাফেজা খাতুনের সন্তান আনিছুর রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ১৯৯১ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি নির্বাচিত হন। পরে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম মেয়র নির্বাচিত হন তিনি। এরপর ধারাবাহিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন, যা স্থানীয় রাজনীতিতে একটি দীর্ঘ ও বিরল অধ্যায়ের সাক্ষী।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি নিজ বাসায় নিয়মিত থাকতেন না। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারের কাছে নিশ্চিত করে।

টানা দুই দশকের বেশি সময় শ্রীপুর পৌরসভার নেতৃত্ব দেওয়া এই জনপ্রতিনিধির মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে ভাই-বোনের মৃত্যু স্থানীয় মানুষের কাছেও এক বেদনাবিধুর অধ্যায়ে পরিণত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status