|
রাজারহাটে মাছবাহী পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত একই পরিবারের ২ জন
আসাদুর রহমান, রাজারহাট
|
![]() রাজারহাটে মাছবাহী পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত একই পরিবারের ২ জন নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে বাবা-ছেলে ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি চর এলাকায় বাদাম উত্তোলনের উদ্দেশ্যে রওনা হন। পথে পুনকর শিমুলতলা এলাকায় রেললাইন অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
