পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের একই পরিবারের তিন অসহায় প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব গ্রহণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মানবেতর জীবনযাপন করা রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের জন্য ঘর নির্মাণ, খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় ব্যয়ভার বহনের উদ্যোগ নিয়েছেন তিনি।সম্প্রতি গণমাধ্যমে তিন ভাইয়ের দুর্দশার খবর প্রকাশিত হলে বিষয়টি এমপি মাসুদের নজরে আসে। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের সম্মানী ভাতা পরিবারটির কল্যাণে ব্যয় করার ঘোষণা দেন।এমপি মাসুদ জানান, তার ব্যক্তিগত অর্থায়নে তিন ভাইয়ের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি তাদের নিয়মিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের ব্যবস্থাও করা হবে।তিনি বলেন, চাদকাঠি গ্রামের এই তিন প্রতিবন্ধী ভাই আমাদের সমাজেরই অংশ। আল্লাহ যতদিন তাদের বাঁচিয়ে রাখবেন, ততদিন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিলেন তিন ভাই। নিরাপদ আবাসনের অভাবে তাদের জীবন ছিল অনিশ্চয়তায় ঘেরা। এমপি মাসুদের এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।
এ সময় তিন ভাইয়ের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও সময় টিভি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিষয়টি তার দৃষ্টিগোচর করার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতিও ধন্যবাদ জানান।স্থানীয়রা এমপি মাসুদের এ উদ্যোগকে মানবিকতা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরাও এ ধরনের উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলে তারা আশা করছেন।