বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 June, 2026, 4:12 PM
বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এক বৃদ্ধাকে হত্যার পর ঘরের মাটির নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত মারুফা বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা। অভিযোগের তীর তার ছেলে জুয়েলের দিকে, যিনি পেশায় ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে মারুফা বেগমকে হত্যার পর জুয়েল নিজের শোয়ার ঘরের মাটির নিচে মরদেহ চাপা দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের নজরে আসেনি।
নিহতের ছোট ছেলে লাবিন জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে তিনি বড় ভাইয়ের ঘরের মেঝেতে অস্বাভাবিক ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখতে পান। এতে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মাটি খুঁড়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।