ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুন্দরবনের কটকা এলাকা থেকে ৩৯জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Friday, 22 May, 2026, 8:14 PM

সুন্দরবনের কটকা এলাকা থেকে ৩৯জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনের কটকা এলাকা থেকে ৩৯জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনের কটকা ও কেওড়াতলা এলাকা থেকে মঙ্গলবার ও বুধবার (২০ মে) রাতে ১১টি মাছ ধরার ট্রলার থেকে ৩৯ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এসময় প্রাণ বাঁচাতে কয়েকজন জেলে নদী ও খালে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হন।
 
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, ২৫ থেকে ৩০ সদস্যের একটি সশস্ত্র জলদস্যু দল অত্যাধুনিক অস্ত্র নিয়ে ট্রলারগুলোতে গুলি ছুড়ে হামলা চালায়। এই দস্যু দলটি ‘জাহাঙ্গীর বাহিনী’ বা ‘কাটুন বাহিনী’ নামে পরিচিত। তারা ট্রলারগুলো থেকে মাছ ধরার জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম লুটে নেওয়ার পাশাপাশি জেলেদের বন্দি করে নিয়ে যায়।

দস্যুদের পরনে ছিল কালো রঙের পোশাক, যার সামনের অংশে ‘মানবতা ফাউন্ডেশন’ এবং পেছনে সৌজন্যে ‘জাহাঙ্গীর ভাই’ লেখা ছিল। তবে পোশাকের গায়ে মানবতা লেখা থাকলেও তাদের কর্মকান্ডকে পুরোপুরি মানবতাবিরোধী বলেই অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা।

অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন ও ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের মধ্যে পাথরঘাটার ট্রলার মালিক মাসুমসহ ইব্রাহিম, ইয়াসিন, হোসেন, তাওহিদ, সেলিম, জাকির মুন্সি, হানিফা, হৃদয় ও সুমনের নাম জানা গেছে।

এছাড়া রাজাপুর উপজেলার আলম হাওলাদার, ইউসুফ খান ও ফোরকানসহ আরও ২৫ জন জেলে অপহৃত হয়েছেন। দস্যুদের কবল থেকে পালিয়ে আসা ট্রলার মালিক কালাম মিয়া জানান, অপহৃত প্রত্যেক জেলের মুক্তির জন্য দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা।

এদিকে ঘটনার দুই দিন পার হয়ে গেলেও অপহৃত জেলেদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল জানিয়েছে, ঘটনাস্থলটি কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার আওতাধীন হওয়ায় তাদের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে এবং ইতোমধ্যে দুটি দল অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি তিনি, তবে অপহরণের সংবাদ পেয়ে জেলেদের খোঁজখবর ও তথ্য সংগ্রহের কাজ চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status