|
পুশ-ইন ঠেকাতে সতর্ক বিজিবি, শুভেন্দুর অনুপ্রবেশকারী ফেরতের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() পুশ-ইন ঠেকাতে সতর্ক বিজিবি, শুভেন্দুর অনুপ্রবেশকারী ফেরতের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার আলোচিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের যে ঘোষণা দিয়েছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার সিএএ এর বাইরে থাকা ব্যক্তিদের অবৈধ বাংলাদেশি ধরে নিয়ে তাদের ফেরত পাঠাতে বিএসএফের হাতে তুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সে বিষয়েও মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যেন অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) না ঘটে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। একই ব্রিফিংয়ে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন এবং এ নিয়ে সরকারের আইনি অবস্থান সম্পর্কেও কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের মাধ্যমে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেই রাজ্যে সিএএ কার্যকরের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে বিজেপি। বুধবার রাজ্যের সচিবালয় ও প্রধান প্রশাসনিক দপ্তর নবান্নতে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, যারা সিএএ অন্তর্ভুক্ত নন, তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে। তিনি বলেন, বিজিবির (বাংলাদেশের সীমান্তরক্ষী) সঙ্গে কথা বলে তাদের দেশ (ভারত) থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট। সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আইন কার্যকর করলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন ঘোষণাবিষয়ক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সিএএ বা আসামের এনআরসি তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন-কানুন। সেখানে আমাদের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যেন কোনো পুশ-ইন (অবৈধ অনুপ্রবেশ) না ঘটে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন নিয়ে তিনি বলেন, আমরাতো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান প্রত্যর্পন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
