সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে কুরাসাও। প্রথমবার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছে তারা। বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা দলটি গতকাল (সোমবার) তাদের ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে।
ডাচ ট্যাকটিশিয়ান ডিক অ্যাডভোকাটের অধীনে খেলবে কুরাসাও। এই দেশকে বিশ্বকাপে তোলার পর গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন তিনি। সম্প্রতি আবারও দলটির ডাগআউটে ফিরেছেন অ্যাডভোকাট। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার রেকর্ড গড়বেন তিনি। ‘ই’ গ্রুপে ক্যারিবিয়ান দলটি খেলবে আইভরি কোস্ট, ইকুয়েডর ও জার্মানির বিপক্ষে।
কুরাসাওকে বিশ্বকাপে তোলা দলকেই প্রাধান্য দিয়েছেন অ্যাডভোকাট। জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় খেলা এলোয় রুম গোলকিপারের তালিকায় শিরোনাম কেড়েছেন। ডিফেন্সে শক্তি বাড়াবেন জুরিয়েন গারি ও রোশন ভ্যান ইজমা।
মিডফিল্ডে প্রতিভার ছড়াছড়ি। আছেন দুই ভাই লিয়েন্দ্রো ও জুনিনহো বাকুনা। বাছাইপর্বে তিন গোল করে জুনিনহো নিজের জাত চেনান। দলকে নেতৃত্ব দেবেন তার ভাই লিয়েন্দ্রো।
গ্রুপের অন্য প্রতিপক্ষ ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা নেবে কুরাসাওয়ের বিপজ্জনক আক্রমণভাগ, যার নেতৃত্ব দেবেন দুই অভিজ্ঞ ফরোয়ার্ড জুর্গেন লোকাডিয়া ও জের্ল মারগারিথা। বাছাইপর্বে আট গোল করা জারভেনে কাস্তানির ও কেনজি গোরি আছেন দলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে অভিষেক হওয়া তাহিথ চং দ্রুত ম্যাচ পাল্টে ফেলার সামর্থ্য দেখিয়েছেন।