|
আটকে গেল মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, যা বললেন নির্মাতা জাহাঙ্গীর
নতুন সময় ডেস্ক
|
![]() আটকে গেল মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, যা বললেন নির্মাতা জাহাঙ্গীর বুধবার (১৩ মে) গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে মাসুমা রহমান বলেন, সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল করা হয়েছে। অন্যদিকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা মুক্তি ইস্যুতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের ঘটনায় এমন কথা বলেছেন তিনি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আইনিভাবে লড়াই করার কথাও জানিয়েছেন পরিচালক। হাসান জাহাঙ্গীর বলেন, আমি এখনো অফিসিয়াল কোনো কিছু পাইনি। তাই এ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি বিষয়টি হয়ে থাকে, আমি আইনিভাবে মোকাবিলা করব। তিনি বলেন, আমার এ সিনেমায় অলরেডি তিন কোটি টাকার ওপরে খরচ হয়ে গেছে। এখন সিনেমা মুক্তির একদিন আগে যদি এ রকম হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাব। এদিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো অভিযোগ না থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। এর পাশাপাশি চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি। এরপরই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়। এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সামাজিক মাধ্যমে প্রকাশিত এক অডিওবার্তায় অসন্তোষ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোটপরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে টেলিফিল্ম হিসেবেও কাজটি করতে রাজি হন তিনি। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে বিস্মিত হয়েছেন বলেও জানান অভিনেত্রী। অন্যদিকে অভিনেত্রী জেবা জান্নাতও অভিযোগ করে বলেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হয়েছিল। শুটিং চলাকালে বিভিন্ন জটিলতার মুখে পড়ে পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি। উল্লেখ্য, মৌসুমী, জেবা জান্নাত ছাড়াও এ সিনেমায় নির্মাতা হাসান জাহাঙ্গীরও অভিনয় করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
