|
শিল্পায়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সমস্যা, ভুগছে ভালুকা
নতুন সময় প্রতিনিধি
|
![]() শিল্পায়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সমস্যা, ভুগছে ভালুকা রাজধানীর নিকটবর্তী হওয়ায় ভালুকা পৌরসভার আশপাশে গত দুই দশকে দ্রুত শিল্পায়ন ঘটেছে। পৌরসভার দক্ষিণ ও উত্তর প্রান্তজুড়ে গড়ে উঠেছে বস্ত্র, সিরামিক ও ওষুধ শিল্পসহ নানা ধরনের কারখানা। একই সঙ্গে এখানে স্থাপিত হয়েছে আধুনিক আবাসন, পাঁচতারকা মানের হোটেল এবং আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান। শিল্প ও অবকাঠামোগত এই সম্প্রসারণকে ঘিরে নাসির গ্লাস, মাস্টারবাড়ি, সিড স্টোর, হাজির বাজার ও ভরাডোবা এলাকায় দ্রুত নগরায়ন লক্ষ করা যাচ্ছে। তবে এ উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের নাগরিক সমস্যা। স্থানীয় ও বহিরাগত মানুষের আগমনে সৃষ্টি হয়েছে ঘনবসতি। পরিকল্পনার অভাবে গড়ে উঠছে আবাসিক ভবন ও শিল্পকারখানা। অনেক স্থানে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে। এছাড়া শিল্পকারখানার বর্জ্য পানিতে মিশে পরিবেশ দূষণ ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, বর্তমান বাস্তবতায় পৌরসভার সীমানা দক্ষিণে নাসির গ্লাস এলাকা থেকে উত্তরে বগার বাজার পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি। পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ভালুকার বাসিন্দা ও শিক্ষক মো. আলীমুর রাজী রাজীব বলেন, দ্রুত নগরায়নের ফলে ভালুকার গুরুত্ব বাড়ছে। কিন্তু পরিকল্পিত উন্নয়ন ছাড়া এই অগ্রগতি টেকসই হবে না। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে ভালুকা পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহরে রূপান্তর করা সম্ভব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
