|
সুনামগঞ্জে কালবৈশাখীর বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সুনামগঞ্জে কালবৈশাখীর বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের কৃষক জমির উদ্দিন (৪৩) রয়েছেন। তিনি আব্দুল্লাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে তিনি দেখার হাওরে ধান কাটতে যান। বিকেল প্রায় ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময়ে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামে জমির হোসেন নামে আরেক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, তিনি বৈটাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার পথে বজ্রপাতে আক্রান্ত হন। এছাড়া জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রোপাবালী গ্রামের আবু সালেক (২৩) বিকেল ৫টার দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অপরদিকে শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
