|
শিশু চিকিৎসক শূন্য রাণীশংকৈল, ঝুঁকিতে হাজারো শিশু
নতুন সময় প্রতিনিধি
|
![]() শিশু চিকিৎসক শূন্য রাণীশংকৈল, ঝুঁকিতে হাজারো শিশু প্রায় ২.৫ লক্ষ মানুষের বসবাস এই উপজেলায়। পরিসংখ্যান অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে ১ থেকে ৮ বছর বয়সী প্রায় ৩০ হাজার শিশুর বাস। অথচ এত বড় শিশু জনগোষ্ঠীর জন্য রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক।ফলে শিশুদের সাধারণ সর্দি-জ্বরের চিকিৎসার জন্যও নির্ভর করতে হচ্ছে এমবিবিএস চিকিৎসকদের ওপর।অনেক ক্ষেত্রে প্যারামেডিক্যাল চিকিৎসকদের কাছ থেকেও সেবা নিতে হচ্ছে। তবে জটিল রোগে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা মিলছে না। অভিভাবকদের অভিযোগ, শিশু অসুস্থ হলে বাধ্য হয়ে যেতে হচ্ছে দূরের বড় শহরে। এতে সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পেয়ে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। স্থানীয়দের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও প্রতিদিন রোগীর চাপ থাকে তার চেয়ে অনেক বেশি। চিকিৎসক সংকট, বিশেষ করে শিশু বিশেষজ্ঞের অভাবে চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে শিশু রোগের প্রকোপ বাড়ছে, যা উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। এমন অবস্থায় মফস্বল উপজেলা পর্যায়ে শিশু বিশেষজ্ঞের অভাব ঝুঁকি আরও বাড়াচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা এক অভিভাবক বলেন,“শিশুদের একটু কিছু হলেই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। আমাদের এলাকায় ভালো কোনো শিশু ডাক্তার নেই। তাই এক সপ্তাহ অপেক্ষা করে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে। তাও আবার অনেক হয়রানি ও বেশি ফি দিয়ে।” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক মাস আগে এখানে একজন শিশু বিশেষজ্ঞের পদায়ন হয়েছিল। তবে পরবর্তীতে তিনি ডেপুটেশনে ঠাকুরগাঁও সদর হাসপাতালে কর্মরত আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহম্মেদ বলেন,"একজন শিশু বিশেষজ্ঞ এখানে পোস্টিং থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি বর্তমানে সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন।” জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, “রাণীশংকৈলে শিশু বিশেষজ্ঞের পদটি বর্তমানে শূন্য রয়েছে। বিষয়টি সমাধানে আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি।” রাণীশংকৈলবাসীর দাবি, দ্রুত এই উপজেলায় একজন স্থায়ী শিশু বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হোক। পাশাপাশি শিশুদের জন্য পৃথক চিকিৎসা ইউনিট চালুরও দাবি জানিয়েছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
