|
গাজীপুরে নতুন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() গাজীপুরে নতুন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া রবিবার (১৫মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে মাঠ প্রশাসন শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। এতে বলা হয়, বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। প্রশাসনে যোগদানের আগে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। এছাড়া ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। প্রশাসনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ২০১৪ সালের ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত ১ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়। এরপর নতুন জেলা প্রশাসক হিসেবে নূরুল করিম ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
