|
আপনাদের সঙ্গে দেখা করা ও খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() আপনাদের সঙ্গে দেখা করা ও খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব: এম এ মালিক ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় সহিহ নিয়ত ট্রাষ্ট-এর পক্ষ থেকে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের অর্ন্তভূক্ত স্বল্প আয়ের মানুষের জন্য "নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক এ কথা বলেন। সংসদ সদস্য এম এ মালিক বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান এবং উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবেন। তিনি জানান, জনগণের ভোট তার কাছে একটি আমানত এবং সেই আমানত রক্ষায় তিনি কাজ করে যাবেন। তিনি বলেন, আপনারা আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা আমার কাছে একটি আমানত। এলাকার মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ সময় তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-র আহ্বানে তিনি দেশের সেবায় কাজ করতে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিদেশে অবস্থান করেও তিনি আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। এম এ মালিক জানান, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা, কৃষকদের সহায়তা, কৃষি কার্ড ও মহিলা ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নেও কাজ করা হবে। তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা কারিগরি শিক্ষা নিয়ে নিজেরা কাজ করে স্বাবলম্বী হতে পারেন। এ লক্ষ্যে একটি কারিগরি বা টেকনিক্যাল কলেজ এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এখানে দেশ-বিদেশের শিক্ষকদের মাধ্যমে অনলাইন ও সরাসরি ক্লাসের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, এলাকার মানুষ যে কোনো সময় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে বা জরুরি প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জনগণের সমস্যা সমাধানে তিনি সবসময় সহযোগিতা করবেন। শেষে তিনি বলেন, সংসদ অধিবেশন শেষে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন। ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
