|
গাজীপুরে সাবেক স্ত্রী পোশাক শ্রমিক রিশমা হত্যার মূলহোতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সাবেক স্ত্রী পোশাক শ্রমিক রিশমা হত্যার মূলহোতা গ্রেপ্তার শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অনন্তপুর চর-ইউনিয়নের জলংগারকুটি (বুড়াবুড়ি) গ্রামের একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প এবং র্যাব-১৩ রংপুর সদর ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা ওমর মুন্সির ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার তালতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত রিশমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াকুল গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মনিপুর এলাকার মেঘা ডেনিম কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। র্যাব জানায়, গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে মনিপুর এলাকায় বিকেবাড়ির দক্ষিণ পাশে পৌঁছালে মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী রিশমা খাতুনকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো চাকু দিয়ে তার পিঠে আঘাত করে গুরুতর জখম করে। রিশমার চিৎকারে সহকর্মীরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় মনিপুর আল মদিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের উদ্যোগে ছায়া তদন্ত শুরু হয় এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে র্যাব সদস্যরা কুড়িগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে রংপুর থেকে গাজীপুরে আনা হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
