মাদারীপুরকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে পাহাড়ি দল
মোঃ মোবারক হোসেন,খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 26 February, 2026, 7:30 PM
মাদারীপুরকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে পাহাড়ি দল
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এ ধারাবাহিক সাফল্য ধরে রেখে টানা দ্বিতীয় জয় পেয়েছে খাগড়াছড়ি জেলা ক্রিকেট দল। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে মাদারীপুর জেলাকে ৫ উইকেটে পরাজিত করে গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে পাহাড়ি দলটি। টসে জিতে খাগড়াছড়ির অধিনায়ক ইসরাত হোসাইন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শৃঙ্খলিত বোলিংয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাদারীপুর জেলা ৪২.৫ ওভারে ১৫৭ রানে অলআউট হয়। ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী সূচনা পায় খাগড়াছড়ি। ওপেনিং জুটি ভিত গড়ে দিলে মধ্যক্রমে দায়িত্বশীল ব্যাটিং করেন মো. কাউসার। ৯০ বলে ৬টি চারের সাহায্যে অপরাজিত ৫১ রান করে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শামসুদ্দিন বাপ্পা ২৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস (২ চার, ৩ ছক্কা) খেলে ম্যাচের গতি বাড়ান। এছাড়া সাফায়েত হোসাইন ১৯ রান যোগ করেন। শেষ পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে সহজ জয় নিশ্চিত করে খাগড়াছড়ি। বল হাতে মো. সাকিব ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। অধিনায়ক ইসরাত হোসাইন ও আহি মজুমদার প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। সংক্ষিপ্ত স্কোর: মাদারীপুর জেলা—১৫৭/১০ (৪২.৫ ওভার), খাগড়াছড়ি জেলা—১৫৯/৫ (৩৩.০ ওভার), ফলাফল—খাগড়াছড়ি জেলা ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা নির্বাচিত হন কাউসার আহমেদ। আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর জেলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে খাগড়াছড়ি। ওই ম্যাচে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করবে।