|
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক দেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ৫ ফেব্রুযারি এবারের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। শিল্পকলার চলচিত্র অঙ্গনে ফরিদা আখতার ববিতা, চারুকলা অঙ্গনে অধ্যাপক ড. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নৃ্ত্যে অর্থি আহমেদ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবার একুশে পদক পেয়েছেন। সংগীতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক নেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। ব্যান্ড দল ওয়ারফেজ এবছর একুশে পদক পেয়েছে। দলটির প্রধান শেখ মনিরুল আলম পদক গ্রহণ করেন। সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন শফিক রেহমান এবং শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার। প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেওয়ার আগে তাকে লাল গোলাপ উপহার দেন শফিক রেহমান। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি সচিব মফিদুর রহমান ছাড়াও প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
