|
টঙ্গীতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আটক ৩
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আটক ৩ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রবিউল ইসলাম (৩৫), নয়ন ইসলাম রাজ (৩২) ও শাফি (৩৪)। তারা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। টঙ্গী পূর্ব থানার এসআই (তদন্ত) ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সাহেব আলী। এর আগে বিকেলে বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত ছয়জন আহত হন। একপর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। আহতরা হলেন—শাহাদাত হোসেন (২৮), ফিরোজ মিয়া (২৭), রোহান (২১), রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষে রবিউল, সাফি ও নয়ন আহত হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে উত্তেজনা আরও বাড়ে। পরে রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজন পুনরায় হামলা চালালে শাহাদাত, ফিরোজ ও রোহান আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
