খাগড়াছড়ির দীঘিনালা জোনে সোমবার সকাল ১১টায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর উপস্থিতিতে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী, আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন, কিউএম ক্যাপ্টেন সাব্বির আহমেদ, অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিদসহ পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি ও উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার বলেন, নির্বাচনকালীন সময়ের মতো ভবিষ্যতেও শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। তিনি বিশেষভাবে মাদক ও জুয়া প্রতিরোধে নির্ভরযোগ্য তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও আশ্বস্ত করেন, দীঘিনালা জোন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখবে।
সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা জোরদার করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দীঘিনালা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।