ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে পঙ্গু স্বামীকে ঘিরে স্ত্রীর ৩২ বছরের নিরব সংগ্রাম
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 14 February, 2026, 9:09 PM

ফুলবাড়ীতে পঙ্গু স্বামীকে ঘিরে স্ত্রীর ৩২ বছরের নিরব সংগ্রাম

ফুলবাড়ীতে পঙ্গু স্বামীকে ঘিরে স্ত্রীর ৩২ বছরের নিরব সংগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের এক সাধারণ দম্পতির অসাধারণ জীবনসংগ্রাম আজ স্থানীয় মানুষের কাছে মানবিকতা, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। এই দম্পতি হলেন জমির উদ্দিন ও তাঁর সহধর্মিণী জয়নব বিবি। দীর্ঘ দাম্পত্য জীবনে কঠিন বাস্তবতার মধ্যেও একে অপরের প্রতি দায়িত্ব ও ভালোবাসা ধরে রেখে তারা এখন এলাকাজুড়ে অনুপ্রেরণার নাম।

পরিবারের স্বাভাবিক সুখ-শান্তির মধ্যেই চলছিল তাদের সংসার। কিন্তু বিয়ের প্রায় ১৫ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমির উদ্দিন। ধীরে ধীরে অসুস্থতা জটিল আকার ধারণ করে এবং তিনি পঙ্গুত্ব বরণ করেন। পরবর্তীতে হারান দৃষ্টিশক্তিও। এক মুহূর্তেই বদলে যায় সংসারের পুরো বাস্তবতা। তবে এই কঠিন সময়ে ভেঙে না পড়ে স্বামীর পাশে শক্তভাবে দাঁড়ান স্ত্রী জয়নব বিবি।

গত ৩২ বছর ধরে জয়নব বিবিই একাই স্বামীর সেবা, যত্ন ও সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। প্রতিদিনের শুরু হয় স্বামীর গোসল করানো, খাওয়ানো এবং প্রয়োজনীয় সেবা-শুশ্রূষার মধ্য দিয়ে। চিকিৎসা করানো থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের প্রতিটি কাজেই তিনি হয়ে উঠেছেন স্বামীর অবিচল সহায়।
অর্থনৈতিক সংকট, সামাজিক চাপ কিংবা শারীরিক ক্লান্তি কোনো বাধাই তাকে দমাতে পারেনি। নিজের কষ্ট আড়াল করে স্বামীর মুখে হাসি ফোটানোই যেন তাঁর জীবনের মূল লক্ষ্য।

এলাকাবাসীর ভাষ্য, জয়নব বিবি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সেবিকা। তাঁর ধৈর্য, ত্যাগ ও ভালোবাসা অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে যেখানে সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়, সেখানে এই দম্পতির জীবন এক বিরল দৃষ্টান্ত।

জয়নব বিবি জানান, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি স্বামীর পাশে আছেন। তাঁর ভাষায়,ইসলাম ধর্মে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব। আমি ভালোবেসেই এই দায়িত্ব পালন করছি এবং যতদিন পারি, করে যাব।

পঙ্গুত্ব ও অন্ধত্বের কঠিন বাস্তবতার মধ্যেও স্ত্রীর ভালোবাসাই তাকে বেঁচে থাকার শক্তি দেয় বলে জানান জমির উদ্দিন। তিনি বলেন,আমি অসহায় হয়ে পড়ার পরও জয়নব আমাকে কখনো একা ফেলে যাননি। ৩২ বছর ধরে তিনি আমার পাশে আছেন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহর কাছে দোয়া করি, আমাদের ভালোবাসা যেন চিরদিন অটুট থাকে।

অর্থনৈতিক স্বচ্ছলতা নেই, বিলাসী জীবনও নেই—তবুও পারস্পরিক মমতা, দায়িত্ববোধ ও ভালোবাসায় ভরপুর এই দম্পতির জীবন আজ পুরো এলাকায় আলোচনার বিষয়। মানবিকতা, ত্যাগ ও সত্যিকারের দাম্পত্য ভালোবাসার প্রতীক হয়ে জয়নব বিবি ও জমির উদ্দিন মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।
এই গল্প মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত সৌন্দর্য অর্থ বা প্রাচুর্যে নয়, বরং একে অপরের পাশে থাকার অঙ্গীকার ও আন্তরিক ভালোবাসার মধ্যেই নিহিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status