ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
চন্দ্রদ্বীপে রাজনৈতিক সংঘর্ষ, জামায়াত ও বিএনপির অন্তত ৫০ জন আহত
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Monday, 9 February, 2026, 11:26 AM

চন্দ্রদ্বীপে রাজনৈতিক সংঘর্ষ, জামায়াত ও বিএনপির অন্তত ৫০ জন আহত

চন্দ্রদ্বীপে রাজনৈতিক সংঘর্ষ, জামায়াত ও বিএনপির অন্তত ৫০ জন আহত

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনিচুর রহমান (৫৫) ও সেক্রেটারি মো. আমিনুল (৩৫) আহতদের মধ্যে রয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মোসা. লিয়া জাহান (২৫), মো. জামাল মৃধা (২২) ও মো. দেলোয়ার হোসেন গাজী (৪৫) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে রোববার বিকেল পৌনে চারটার দিকে জামায়াতের নেতা-কর্মীরা উপজেলা সদরের হাসপাতাল সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থক মো. শামীম (৪৫) কে মারধর ও তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হন।

পরবর্তীতে জামায়াতের কর্মী-সমর্থকেরা বাউফল থানার সামনে অবস্থান নিয়ে ওসি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেন। সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের কর্মী-সমর্থকেরা রোববার সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল খানকা এলাকা থেকে একটি মিছিল বের করেন। দুপুরে ভান্ডারি বাজার এলাকায় পৌঁছালে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়।

তবে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার হাওলাদার ও শ্রমিকদল নেতা মো. কালাম হাওলাদার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status