আইনের হাত থেকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন খাগড়াছড়ির এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা সমন্বিত অভিযান চালিয়ে শরীয়তপুর থেকে তাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং মোঃ আব্দুল মালেকের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা দুটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাগুলো হলো—এসটি নং-২০৪/২০২৪ (সি.আর মামলা নং-৪১৮/২৪) এবং সি.আর মামলা নং-৩৫৩/২৫। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশ আরও জানায়, বিচারিক কার্যক্রম এড়াতে কেউ আত্মগোপনে গেলে তাকেও শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করা হবে। আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের এ ধরনের তৎপরতা আইনশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।