আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানসমূহে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি প্রদর্শন করা হয়।
দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় মেজর কাজী আসিফ আহমেদের নেতৃত্বে নিরাপত্তা টহল কার্যক্রম জোরদার করা হয়। মহড়াকালে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা সমন্বিতভাবে টহল, তল্লাশি ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।
দীঘিনালা সেনা জোন সূত্রে জানানো হয়, নির্বাচনী সময়কালে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের যৌথ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।