|
বন্দর অচলের 'হোতা' ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদের উৎস খুঁজতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() বন্দর অচলের 'হোতা' ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদের উৎস খুঁজতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক চিঠিতে এসব আবেদন জানানো হয়। চিঠিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। এর অনুলিপি দেওয়া হয়েছে নৌপরিবহন উপদেষ্টার দপ্তর, দুদক এবং জাতীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালকের কাছেও। বন্দরে লাগাতার কর্মবিরতি স্থগিতের ঘোষণার পর এ চিঠি দেওয়া হলো। এর আগে গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দরে চলমান লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বন্দর ভবনে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, নৌ উপদেষ্টার আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে রবিবার থেকে আবার কর্মবিরতি কর্মসূচি শুরু করা হবে। চিঠিতে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকন। এর আগে তাঁদের প্রেষণে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়। তালিকার অন্যরা হলেন- মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবীর (এসএস পেইন্টার), মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো. শামসু মিয়া, মো. লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রাব্বানী। চিঠিতে বলা হয়েছে, উক্ত কর্মচারীগণ রাষ্ট্রবিরোধী কাজে জড়িত। এ সকল বিপথগামী কর্মচারীদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তারা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট দপ্তর ও এজেন্সিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া ‘শুধু দুদকের জন্য’ অংশে বলা হয়েছে, বর্ণিত কর্মচারীদের সকল স্থাবর-অস্থাবর সম্পদ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ৮টার দিকে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব। তবে, চট্টগ্রাম বন্দরের চীফ পার্সোনাল অফিসার নাসির উদ্দিন চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
