|
বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন ফুলবাড়ীর কৃষকেরা
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন ফুলবাড়ীর কৃষকেরা সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা আগেই বীজতলা প্রস্তুত করে সেখান থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন। অনেক এলাকায় নারী শ্রমিকদেরও ধান রোপণের কাজে অংশ নিতে দেখা গেছে। সবুজ ধানের চারা, কৃষকদের কর্মচাঞ্চল্য এবং সেচের পানির কলকল শব্দে গ্রামবাংলার মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় তারা বোরো ধান চাষ নিয়ে আশাবাদী। তবে সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক কৃষক। তাদের দাবি, সরকারি সহায়তা বৃদ্ধি ও ন্যায্য দামে সার নিশ্চিত করা গেলে চাষাবাদ আরও সহজ ও লাভজনক হতো। ফুলবাড়ী উপজেলার কৃষক রহিম উদ্দিন বলেন,এবার সময়মতো পানি পাওয়া যাচ্ছে, আবহাওয়াও ভালো। ঠিকভাবে পরিচর্যা করতে পারলে ভালো ফলনের আশা করছি। তবে আগের তুলনায় চাষাবাদের খরচ অনেক বেড়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উপজেলার অধিকাংশ জমিতে ইতোমধ্যে ধান রোপণের কাজ শুরু হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, সময়মতো সেচ প্রদান, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনে সচেতন থাকলে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন পাওয়া সম্ভব। অনুকূল আবহাওয়া বজায় থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে বোরো ধান রোপণকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলে কৃষিশ্রমিকদের কর্মসংস্থান বেড়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
