চট্টগ্রাম বন্দর এলাকায় ১ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 1 February, 2026, 2:45 PM
চট্টগ্রাম বন্দর এলাকায় ১ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ করেছে পুলিশ। একই সাথে লাঠি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ২ মার্চ পর্যন্ত।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং এটি ‘১ক’ শ্রেণির কেপিআইভুক্ত স্থাপনা। দেশের মোট আমদানি ও রফতানির সিংহভাগ কার্যক্রম এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্প কারখানার কাঁচামালসহ আমদানি ও রফতানিযোগ্য পণ্য পরিবহনে প্রায় ৫ থেকে ৬ হাজার ট্রাক, কাভার্ডভ্যান, ভেহিকেল ও প্রাইম মুভার বন্দরে চলাচল করে।
চট্টগ্রাম বন্দর এলাকায় ১ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
এত বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে বন্দর এলাকার আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। তবে বন্দর এলাকায় যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভার ফলে যানজট সৃষ্টি হয়, যা আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত করে। এতে জাতীয় অর্থনীতির মারাত্মক ক্ষতি হয় এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখা, সাথে জনশৃঙ্খলা ও শান্তি-নিরাপত্তা রক্ষার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ অন্যান্য এলাকায় অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য ও ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একইসাথে যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভাও করা যাবে না।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা, মিছিল ও সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেন। এর জেরে কয়েকজনকে বদলি করা হয়। এর আগেও দুই দফায় দুই মাস করে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।