|
খুলনার দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
আলতাফ হোসেন অনিক
|
![]() খুলনার দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত মঙ্গলবার ১২/০১/২০২৬ সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী। উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভার আয়োজন করে। সভার শুরুতেই পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ করেন এবং সভার মূল উদ্দেশ্য ও আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সেনহাটী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি। পরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। সভায় মানব পাচারের বর্তমান প্রবণতা, ধরন ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রবাসে যাওয়ার নামে প্রতারণা, নারী ও শিশু পাচার, দালাল চক্রের সক্রিয়তা এবং ঝুঁকিপূর্ণ অভিবাসন বিষয়ে কমিউনিটির সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় মানব পাচার প্রতিরোধে ইউনিয়নের বরাদ্দকৃত তহবিল ব্যবহার করে মাইকিং, ওয়ার্ড সভা, উঠান বৈঠক, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সারভাইভারদের সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদানসহ নানা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে এ্যাডভোকেসির ক্ষেত্রগুলো চিহ্নিত করে একটি বাস্তবসম্মত দ্বি-মাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় উপস্থিত থেকে মতামত ও বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য এস এম আছাদুজ্জার জামান, মো. আকবর সরদার, মো. আমীর হোসেন, ঝর্ণা খাতুন, পলি আক্তার, আশরাফ, সাইফুল্লাসহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন উপ-কৃষি কর্মকর্তা সাগর সরকার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাশেম, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, স্বাস্থ্য সহকারী সেলিলা আক্তার, শিক্ষক নাছিমা খাতুন, ইমাম মাওলানা মো. আলমগীর, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. মোশারেফ আলী সোহেল এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুন হাছিন রিপা প্রমুখ। বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই বিদেশে যাওয়ার আগে সরকারি নিয়ম-কানুন মেনে চলা, যাচাই-বাছাই ছাড়া দালালের প্রলোভনে না পড়া এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে সচেতন হতে হবে। সভা শেষে মানব পাচার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
