ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 January, 2026, 6:02 PM

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আগামী ২২ জানুয়ারি পীর-আউলিয়ার 'পূণ্যভূমি' সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাভিযান শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১২ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি সকালে তিনি প্রথমে সিলেট শহরে হযরত শাহজালাল (রহ.) এবং পরবর্তীতে খাদিমনগরে হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়েই চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।'

বিএনপির দলীয় ঐতিহ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি নির্বাচনের প্রচারণাই সিলেট থেকে শুরু করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তারেক রহমান মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারেক রহমানের এই সফর ঘিরে সিলেট জেলা ও মহানগর বিএনপিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি চলছে। জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, 'আগামী ২২ জানুয়ারি ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার শুরু করবেন। তিনি প্রথমে দুই মাজার জিয়ারত করবেন এবং বেলা ১১টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।'

কাইয়ুম চৌধুরী আরও বলেন, 'চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষে আমরা সমাবেশের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রায় দুই দশক পর তারেক রহমান সিলেট আসছেন, তাই সিলেটবাসী তাদের এই 'পরম আত্মীয়কে' বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দলীয় চেয়ারম্যান হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।'

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং পথিমধ্যে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালাবেন। কাইয়ুম চৌধুরী জানান, সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় একটি করে পথসভায় তারেক রহমান বক্তব্য রাখবেন।

সিলেটের স্থানীয় নেতারা এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, বিএনপির চেয়ারম্যান হিসেবে এটিই হবে তার প্রথম কোনো প্রকাশ্য জনসভা, যেখানে তিনি দলের নির্বাচনী অঙ্গীকার ও ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন।

এদিকে তারেক রহমানের সিলেট সফরের বিস্তারিত কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়নি। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সফরসূচি চূড়ান্ত হওয়ার পর যথা সময়ে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status