ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
জাতিসংঘের উদ্দেশ্যে নতুন সময় সম্পাদক নাজমুল হক শ্যামল এর নিউইয়র্ক গমন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 9:03 PM

নতুন সময় সম্পাদক নাজমুল হক শ্যামল

নতুন সময় সম্পাদক নাজমুল হক শ্যামল

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সংবাদ সরাসরি কাভার করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন দৈনিক নতুন সময়ের সম্পাদক নাজমুল হক শ্যামল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনের গুরুত্বপূর্ণ কর্মসূচি, বিশ্বনেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে কাভার করবেন তিনি।

পাশাপাশি অধিবেশন ঘিরে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, বিভিন্ন দেশের প্রতিনিধিদের কার্যক্রম এবং বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার সংবাদ নতুন সময়ের পাঠকদের সামনে তুলে ধরবেন নাজমুল হক শ্যামল।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের পর্ব অনুষ্ঠিত হবে। ওইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন। বক্তব্যে বাংলাদেশের অবস্থান, অগ্রাধিকার এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে দেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

এ ছাড়া একই দিন বাংলাদেশ ও সুইডেনের যৌথ আয়োজনে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পেশাদার ধাত্রীবিদ্যা নিয়ে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নিয়ে বক্তব্য দেবেন বলে কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণ বিতর্কের মূল পর্ব শুরু হবে ২২ সেপ্টেম্বর। এ সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন।

এবারের সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ২ জুন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তাঁর সভাপতিত্বে অধিবেশনে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। অধিবেশনে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বৈশ্বিক সহযোগিতা, উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক ও নীতিনির্ধারকেরা এতে অংশ নেন। ফলে অধিবেশন ঘিরে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, উন্নয়ন ও জলবায়ুসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনা গুরুত্ব পায়।

এবারের অধিবেশনের সংবাদ সরাসরি কাভার করতে নাজমুল হক শ্যামলের নিউইয়র্ক সফর নতুন সময়ের আন্তর্জাতিক সংবাদ কাভারেজে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি, বাংলাদেশের অংশগ্রহণ, প্রধানমন্ত্রীর কর্মসূচি ও বক্তব্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলি সরাসরি কাভার করে নতুন সময় পাঠকদের কাছে তুলে ধরবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status