ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রাঙ্গুনিয়া হানাদারমুক্ত দিবস আজ
এম. মতিন, রাঙ্গুনিয়া
প্রকাশ: Monday, 15 December, 2025, 11:24 AM

রাঙ্গুনিয়া হানাদারমুক্ত দিবস আজ

রাঙ্গুনিয়া হানাদারমুক্ত দিবস আজ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতার চূড়ান্ত বিজয়। তবে চূড়ান্ত বিজয়ের একদিন আগেই অর্থাৎ ১৫ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল রাঙ্গুনিয়া। ৯ মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে ১৫ ডিসেম্বর রাঙ্গুনিয়ার ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। বিজিত প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে মুক্ত রাঙ্গুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে।

তবে, ১৪ ডিসেম্বর দিবাগত রাতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধারা এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে হানাদার বাহিনীর ৪ শতাধিক সৈন্যের মৃত্যু ঘটে। মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সৈন্যরা সকালের দিকে ক্যাম্প ছেড়ে পালিয়ে গেলে বিজয়ের লাল সবুজের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। 

মুক্তিযুদ্ধকালীন ঘটনার কথা জানাতে গিয়ে রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর মুন্সী বলেন, 'রাঙ্গুনিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি ছিল রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, উত্তর রাঙ্গুনিয়া রানীরহাট, পোমরা উচ্চ বিদ্যালয় চিচিঙ্গা ফরেষ্ট অফিস। ডিসেম্বরের শুরু থেকে  রাঙ্গুনিয়ার বিভিন্নস্থান থেকে মুক্তিযোদ্ধাদের তাড়া খেয়ে পাক হানাদার বাহিনীর সদস্যরা এসব ঘাঁটিতে চলে আসে। ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কোদালা চা বাগান থেকে চিচিঙ্গা এলাকা পর্যন্ত পাক হানাদার বাহিনীর ঘাঁটিগুলোর চতুর্দিকে অবস্থান নেয়। তখন সহকারী সেক্টর কমান্ডার ছিলেন রাঙামাটি জেলার আশোক মিত্র কারবারি।'

তিনি আরও বলেন, 'আশোক মিত্র কারবারির কৌশলমতে ১৪ ডিসেম্বর দিনগত রাত ৯ টায় মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর ঘাঁটিগুলোতে একযোগে আক্রমণ শুরু করে। রতভর সংঘর্ষে উপজেলার মুরাদ নগরের আব্দুস সোবহান, মতিউর রহমান, বিপুল দাশ, ফণি মহাজন, মরিয়ম নগর ইউনিয়নের মোহনবাশি, রাতুল বড়ুয়া, বাবুল মুৎসুদ্দি, ছায়ের আহমদ, নাজের শাহ, পোমরা ইউনিয়নের আবুল কাসেম, বশির আহমদ, দৌলত মিয়াসহ প্রায় ৪০-৪২ জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। এসময় পাকিস্তান হানাদার বাহিনীর ৪ শতাধিক সৈন্যােরও মৃত্যু ঘটে।'

১৫ ডিসেম্বর সকাল ৬ টায় পাকিস্তানী সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে ক্যাম্প ছেড়ে চট্টগ্রাম শহরের দিকে পালিয়ে যায়। হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার সময় এলাকার ঘরবাড়ি ও রানীরহাটের দোকানপাটগুলোতে অগ্নিসংযোগ করে। এসময় মুক্তিযোদ্ধারা সকাল সাড়ে ৭ টার দিকে ঘাঁটিগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঐদিন সকাল ৯ টায় স্বাধীনতাকামী মানুষেরা রাঙ্গুনিয়ার রাজপথে বিজয় মিছিল করেন বলে তিনি জানান।

রাঙ্গুনিয়া পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা বদিউল আলম যুদ্ধের স্মৃতিচারণ করে বলেন,'ডিসেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হওয়ার খবর শুনে আমরা যুদ্ধে এগিয়ে যায়। রাতভর যুদ্ধের পর অসংখ্য পাক হানাদার বাহিনীর সদস্য নিহত হয়। তখন তাদের অধিকাংশ মৃতদেহ কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পক্ষান্তরে পাকিস্তানি সৈন্যরা শহীদ মুক্তিযোদ্ধাদের হত্যা করে মরিয়মনগরের বড় হুজুরের দীঘির পাড়ে মাটি চাপা দেয়। এর আগেও রাজাকার আল বদরদের সহায়তায় ওই স্থানে শহীদ আহমদ শাহ ও মোহাম্মদ শাহসহ এলাকার অনেক মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল হানাদাররা।'

সরেজমিনে গণকবর হিসেবে চিহ্নিত স্থানটিতে গিয়ে দেখা যায়। বর্তমানে ওই স্থানে গণকবরের কোন চিহ্ন নেই। কেবলমাত্র ৩টি কবরে শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলক থাকলেও তাতে কারো নাম নেই। তৎমধ্যে সীমানা পিলার পাচার চক্র ২ টি পিলার ভেঙ্গে ফেলেন। বর্তমানে ১টি কবরের নাম ফলক দৃশ্যমান আছে।

বড় হুজুরের বংশধর  মাওলানা ওবায়দুল মোস্তফা নঈমী এ প্রসঙ্গে বলেন, 'দীঘির পাড়ে গণকবর থাকলেও তা সংরক্ষণের কোন উদ্যোগ নেই। এমনকি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচিহ্ন বিলুপ্তির পথে। মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্ন সংরক্ষণের অনুরোধ জানান তিনি।'



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status