|
আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইসসহ চোরাই মোবাইল চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইসসহ চোরাই মোবাইল চক্রের ৩ সদস্য গ্রেপ্তার শনিবার ২৯ নভেম্বর সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন অলংকার শপিং কমপ্লেক্স এলাকায় ডিবির টিম-০৪ এ অভিযান চালায়। নিখুঁত তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি.) মো. ইকবাল হোসেন। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তিনি কমপ্লেক্সের ভেতরে একাধিক দোকানে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইউনুছ (৪০), পিতা মৃত দ্বীন মোহাম্মদ; মো. সেলিম হোসেন (২৭), পিতা মো. বেলাল হোসেন; এবং রুপক রায় (৩৭), পিতা মৃত সুজিত কুমার রায়। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল সংগ্রহ, ক্রয় বিক্রয় এবং সফটওয়্যারের মাধ্যমে আইএমইআই পরিবর্তন ও লক খোলার কাজ করে আসছিল বলে গোয়েন্দারা জানান। চক্রটি চোরাই মোবাইলের আসল পরিচয় মুছে নতুন পরিচয়ে বাজারজাত করত যা সংগঠিত চোরাইমাল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ ধাপ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আইএমইআই পরিবর্তনসহ অবৈধ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে। ডিবি জানায়, এ চক্রের বিরুদ্ধে আগেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। গ্রেপ্তার ইউনুছের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আর সেলিমের বিরুদ্ধে চোরাইমাল ক্রয়–বিক্রয়ের একটি মামলা আদালতে বিচারাধীন। অভিযান শেষে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। নগরীর ইলেকট্রনিক্স মার্কেটে চোরাই মোবাইলের প্রবাহ বন্ধে ডিবি ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর নজরদারি ও অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
