|
মেট্রোরেল পুরোপুরি চালু
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেট্রোরেল পুরোপুরি চালু সোমবার সকাল ১১টায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্তই ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক রেজাউর রহমান আকন্দ বলেন, “আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল থেকেই ট্রেন চলাচল বন্ধ ছিল, সকালে এই অংশে ট্রায়াল চালানো হয়। “এরপর সকাল ১১টায় পুরো পথে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে।” রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিয়ারিং প্যাড খসে পড়লে আবুল কালাম নামের এক যুবক মারা যান। এ ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিকাল থেকে আগারগাঁও-উত্তরা অংশে এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে ট্রেন চলাচল করতে দেখা যায়। তবে দুর্ঘটনার পর থেকেই আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল বন্ধ হলেও সেবার কোনো প্রাণহানি ঘটেনি। কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে এই ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারী হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ওই প্যাড পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। সেই সঙ্গে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
