|
ফজরের নামাজের পর নিখোঁজ, তিন দিন পর নদীতে মিলল ইমামের লাশ
হাসান শিকদার, মানিকগঞ্জ
|
![]() ফজরের নামাজের পর নিখোঁজ, তিন দিন পর নদীতে মিলল ইমামের লাশ নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম প্রায় এক বছর ধরে ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ আদায় করান। তবে যোহরের নামাজের সময় থেকে নিখোঁজ হন। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, “আমাদের ইমাম সাহেব রোববার ফজরের নামাজ পড়িয়েছিলেন। কিন্তু যোহরের নামাজে অনুপস্থিত থাকায় আমরা খোঁজ করতে থাকি। আজ সকালে তাঁর মরদেহ নদীতে ভেসে থাকতে দেখি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।” ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
