ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফেনীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা
রহিম আলী জাবেদ, ফেনী
প্রকাশ: Saturday, 6 September, 2025, 11:24 AM

ফেনীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

ফেনীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই বাড়িটি লিপটনের বাবা, বীর মুক্তিযোদ্ধা ও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মরহুম খাজা আহমেদের স্মৃতিবিজড়িত এবং মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির তত্ত্বাবধায়ক মাগরিবের নামাজ পড়ার জন্য বাইরে ছিলেন। এই সুযোগে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত সীমানা প্রাচীর ডিঙিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির হলরুমের জানালার গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা প্রায় ১০-১৫ গ্যালন পেট্রোল ছিটিয়ে নিচতলার সবগুলো কক্ষে আগুন লাগিয়ে দেয়। দুর্বৃত্তরা দোতলার একটি কক্ষের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় এবং পরে সিঁড়ি ও দরজায় আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

​আগুন লাগার বিষয়টি টের পেয়ে আশপাশের বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নিচতলার হলরুমে থাকা তত্ত্বাবধায়কের আসবাবপত্র ও কাপড়চোপড়সহ ড্রয়িংরুমের একাংশ পুড়ে যায়। তবে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বাড়িটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

​উল্লেখ্য, জহির উদ্দিন মাহমুদ লিপটন বা তার পরিবারের কোনো সদস্য গত ১৩ মাস ধরে এই বাড়িতে বসবাস করেন না। পরিবারের অন্য সদস্যরা সরকারি চাকরির সুবাদে এলাকার বাইরে থাকেন। বাড়িটি স্থানীয় নাগরিকদের জন্য উন্মুক্ত ছিল এবং এলাকার মানুষ এটিকে নিজেদের সামাজিক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। সর্বমহলে গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত একজন নেতার বাড়িতে এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

​এই বাড়িটির একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এটি ফেনী অঞ্চলের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদের বাসস্থান হিসেবে পরিচিত ছিল। স্থানীয় প্রবীণদের মতে, মুক্তিযুদ্ধকালীন ফেনীর গভর্নর ও সংসদ সদস্য খাজা আহমেদ, এবিএম তালেব আলী, জয়নাল হাজারী, আমিনুল করিম খোকা মিয়া, আব্দুর রহমান বিকম এবং আব্দুল মালেকের মতো ফেনীর প্রায় সকল শীর্ষ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা এখানে সভা ও বৈঠক করতে আসতেন। এমন একটি ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানে অগ্নিসংযোগের ঘটনাকে সাধারণ মানুষ একটি পরিকল্পিত হামলা হিসেবেই দেখছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status