|
বরগুনা পলিটেকনিকে বঙ্গবন্ধু-হাসিনা বিষয়ক শতাধিক বই অগ্নিসংযোগে শিক্ষার্থীরা
তামান্ন জেনিফার,বরগুনা
|
![]() বরগুনা পলিটেকনিকে বঙ্গবন্ধু-হাসিনা বিষয়ক শতাধিক বই অগ্নিসংযোগে শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বই একত্র করে বাইরে নিয়ে আসে। পরে সেগুলো স্তূপ করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বইগুলো ছাই হয়ে যায়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশ থেকে তার শাসনের প্রতীক ও স্মৃতিচিহ্ন মুছে ফেলার ঘোষণা এসেছিল। অথচ আমাদের লাইব্রেরিতে এখনও সেই বইগুলো সাজানো ছিল। শিক্ষকরা বলেছিলেন সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই করা হয়নি। তাই আমরা নিজেরাই আগুনে সপে দিলাম।” তাদের অভিযোগ: প্রকৌশল শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠ্যবইয়ের ঘাটতি রয়েছে। অথচ তাক ভরে রাখা হয়েছে রাজনৈতিক ইতিহাসের বইয়ে, যা শিক্ষার্থীদের কাজে আসে না। প্রশাসন বিষয়টি দীর্ঘদিন অবহেলা করেছে। একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলেন, আমরা টেক্সটবুক পাই না, অথচ রাজনীতির বইয়ে লাইব্রেরি ভর্তি। এগুলো আমাদের কোনো কাজে আসে না। এগুলো দাসত্বের প্রতীক। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাসহ আওয়ামী শাসনকাল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, প্রতীক ও স্মৃতিচিহ্ন মুছে ফেলার ঘটনাসমূহ আলোচিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা দাবি করছে, বরগুনা পলিটেকনিকের লাইব্রেরিতে রাখা বইগুলো সেই স্মৃতিচিহ্নের অংশ হিসেবেই দেখা হয়েছে। এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অনিল চন্দ্র কির্ত্তনীয়া বলেন, আমি স্টেশনে নাই তবে শুনতে পেয়েছি শিক্ষার্থী বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট কিছু বই পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় সকল বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমি জানতাম। লাইব্রেরিয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় লাইব্রেরিতে কোন বই ছিলো কিনা সেটা আমার জানা ছিলো না। শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে প্রশাসন কেন নীরব, কেন তাদের সঙ্গে প্রতারণা করা হলো? প্রশ্নের মুখে শিক্ষাঙ্গন : শিক্ষার্থীদের এই অগ্নিবিক্ষোভ কেবল একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ক্ষোভ নয়; বরং প্রজন্মের প্রতীকী প্রতিবাদ বলেই মনে করছেন স্থানীয়রা। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে। বই পোড়ানো কি ইতিহাস মুছে ফেলার সমাধান? নাকি এটি প্রজন্মের ভেতরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
